নড়িয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
![]() |
| শরীয়তপুরের নড়িয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। রোববার রাতে উপজেলার চাকধ বাজারে | ছবি: পদ্মা ট্রিবিউন |
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজারে অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে নয়টার দিকে কার্যালয়টির সামনে দুটি ককটেল ছুড়ে মারা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়িয়া-ঘড়িসার সড়কের চাকধ বাজারে শহীদ জিয়া স্মৃতি সংসদ ভুমখারা ইউনিয়ন কার্যালয় অবস্থিত। রোববার রাতে যখন ঘটনাটি ঘটে, তখন কার্যালয়টি বন্ধ ছিল। আশপাশের ব্যবসায়ীরাও দোকানপাট বন্ধ করে তারাবিহর নামাজে গিয়েছিলেন। ওই সময় একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসেন এবং চলন্ত অবস্থায় কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেন। একটির বিস্ফোরণ ঘটলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে থাকে। বিস্ফোরণের শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে নড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত ও অবিস্ফোরিত ককটেলটি সংগ্রহ করে।
এ বিষয়ে নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েল মাঝি বলেন, ‘আমাদের একটি কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে খবর পেয়েছি। ওই সময় কার্যালয়টি বন্ধ ছিল। আমাদের স্থানীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেছেন। কারা আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা জানার চেষ্টা করছি।’
নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, সড়কের পাশে বিএনপির সহযোগী সংগঠনের একটি বন্ধ কার্যালয়ের সামনে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত জব্দ করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Comments
Comments