[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শার্শায় পল্লিচিকিৎসককে কুপিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
আল আমিন হোসেন | ছবি : সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় আল আমিন হোসেন (৩০) নামে এক পল্লিচিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের বিদ্যালয়ের পাশে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত আল আমিন শার্শা উপজেলার নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। এলাকায় তিনি পল্লিচিকিৎসক হিসেবে পরিচিত। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাতিপাড়া গ্রাম থেকে তারাবিহ নামাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আল আমিন। গাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পথ রোধ করে। এরপর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করা হয়। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শার্শা থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শাহ আলম বলেন, আল আমিনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তা শার্শা থানার উপপরিদর্শক এস এম মোশারফ হোসেন বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী আল আমিনের দুজন স্ত্রী এবং দুটি সংসার রয়েছে। দ্বিতীয় বিয়ের পর থেকে তাঁর পরিবারে অশান্তি চলছিল। সেই কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন