কুমিল্লায় জামায়াতের নারী কর্মীদের প্রচারে বাধা-হামলার অভিযোগ
![]() |
| কুমিল্লার দাউদকান্দি উপজেলার ষোলপাড়ায় জামায়াতের মহিলা শাখার সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন |
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের নির্বাচনী প্রচারে বাধা ও হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি উপজেলার ষোলপাড়া এলাকায় দলের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানানো হয়।
জামায়াতের নারীনেত্রীরা অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার চালানোর সময় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা তাঁদের ওপর হামলা করেছেন এবং কাজে বাধা দিয়েছেন। এই ঘটনায় গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়ার গ্রামে এবং ৩১ জানুয়ারি গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নারী কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পদুয়া, সুন্দলপুর ও পাঁচগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারের সময় নারীদের হিজাব ধরে টানাটানি ও লাঞ্ছিত করার মতো ঘটনাও ঘটেছে। মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নেও একই ধরনের বাধা ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা প্রচারের মাইক ভাঙচুর করেছেন এবং নারী কর্মীদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। এসব ঘটনায় স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের কাছে সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নারী বিভাগের সাধারণ সম্পাদক ফাতেমা জাহান, পৌর জামায়াতের মহিলা বিভাগের সাধারণ সম্পাদক শিরিন হক, সহকারী সাধারণ সম্পাদক খোরশেদা আক্তার ও সাবেক সাধারণ সম্পাদক হাসিনা মমতাজসহ আরও অনেকে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।’
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান ইসলাম বলেন, উপজেলা জামায়াতের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বুধবার একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তবে নির্বাচনী জরুরি সভার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

Comments
Comments