পান্থপথে সাবেক বিএনপি নেতাকে গুলি
| গুলি | প্রতীকী ছবি |
রাজধানীর পান্থপথ এলাকায় দুষ্কৃতকারীর হামলায় মো. শফিকুর রহমান (৫৫) নামে এক জুতা ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত সাড়ে নয়টার দিকে পান্থপথে বসুন্ধরা শপিং মলের বিপরীতে জুতার মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
শফিকুর রহমান ঢাকা মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক বলে জানা গেছে। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সিদলাই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে।
আহত শফিকুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁকে হাসপাতালে নিয়ে আসা শাহপরান জানান, জুতার মার্কেটের সামনে দুষ্কৃতকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শফিকুর রহমান হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে।
Comments
Comments