স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
![]() |
| নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আমাদের প্রধান লক্ষ্য হলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা। অনেকে বলে থাকেন যে এই মন্ত্রণালয়ে দুর্নীতি হয়। আমরা বিষয়টির গভীরে যাওয়ার চেষ্টা করছি। একটি সম্পূর্ণ দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত মন্ত্রণালয় গড়ে তোলার মাধ্যমেই মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে।
শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানুষকে যেন চিকিৎসকের পেছনে ঘুরতে না হয়, চিকিৎসকই মানুষের কাছে যাবেন। চিকিৎসাসেবা সহজলভ্য ও সবার জন্য উন্মুক্ত করার মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই লক্ষ্য পূরণ হবে।’
নরসিংদীতে একটি মেডিকেল কলেজ করার দীর্ঘদিনের দাবির সঙ্গে একমত পোষণ করে মন্ত্রী বলেন, ‘দোয়া করবেন যাতে নরসিংদীতে দ্রুত মেডিকেল কলেজ করতে পারি। এ ছাড়া দেশে আরও যেখানে প্রয়োজন হবে, সেখানেই মেডিকেল কলেজ করা হবে। নরসিংদীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ যেগুলো এখনো চালু হয়নি, সেগুলো দ্রুত চালু করতে আমরা কাজ করব। নরসিংদীতে দুটি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) ব্যবস্থাও করা হবে।’
পরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, ‘যাঁরা ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন এবং যাঁরা ভোট দেননি, সবার প্রতিই আমাদের সমান দায়িত্ব রয়েছে। সব প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষকে নিয়ে একটি নতুন সমৃদ্ধিশালী ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব।’
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, সিভিল সার্জন সৈয়দ মো. আমিরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments
Comments