‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
![]() |
| সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ছবি: পদ্মা ট্রিবিউন |
দেশে কোনোভাবেই ‘মব কালচার’ বা জনতা মিলে আইন হাতে তুলে নেওয়ার সংস্কৃতি চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নিজের প্রথম কর্মদিবসে তিনি এই কড়া বার্তা দেন।
মন্ত্রী বলেন, উচ্ছৃঙ্খল জনতার আইন হাতে তুলে নেওয়ার দিন শেষ। দাবি আদায়ের নামে এমন আচরণ আর করা যাবে না। তবে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে যৌক্তিক দাবিতে মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দেওয়া যাবে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ‘গার্ড অব অনার’ (সম্মানসূচক অভিবাদন) দেওয়া হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে সত্যিকারের জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, তা ফিরিয়ে আনাই হবে বড় লক্ষ্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কর্মকর্তাদের সব কাজে স্বচ্ছ থাকতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির সহ্য করা হবে না। এছাড়া বিভিন্ন বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িয়ে পড়লে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এই সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments
Comments