নবীনগরে অবৈধ বালু তোলার প্রতিবাদ করায় গুলি, আহত ৬
![]() |
| ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয় কয়েকজন গুলি করার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় ছয় ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন— চরলাপাং গ্রামের নুরুল আমীন (৪২), রউফ মিয়া (৪৫), সফর মিয়া (৫০), সিয়াম হোসেন (১৬), জসিম উদ্দিন (৪০) ও ইব্রাহিম (৩০)। তাঁদের শরীরে ছররা গুলি লেগেছে। আহতদের প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরলাপাং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অর্ধশতাধিক খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু তুলছে একটি প্রভাবশালী চক্র। এতে নদীভাঙন দেখা দেওয়ায় গ্রামবাসী বারবার প্রতিবাদ করলেও কোনো প্রতিকার পাচ্ছিলেন না। প্রশাসনের অভিযানের কয়েক দিন পরই আবার বালু তোলা শুরু হয়। আজ সকালে গ্রামবাসী প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা স্পিডবোটে এসে হামলা ও গুলি চালায়। এতে ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নুরুল আমীন ও রউফ মিয়া অভিযোগ করেন, নরসিংদীর রায়পুরার মির্জাপুরের একটি প্রভাবশালী মহল এই বালু লুটের সঙ্গে জড়িত। তারা কৃষিজমি থেকে জোর করে মাটি ও ফসলও কেটে নিয়ে যায়। আজ প্রতিবাদ করায় ২০-৩০ জন সশস্ত্র সন্ত্রাসী স্পিডবোটে এসে হামলা চালায়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, চরলাপাং এলাকায় কোনো বালুমহাল ইজারা দেওয়া নেই। হামলাকারীরা পার্শ্ববর্তী রায়পুরা এলাকার হওয়ায় বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। নরসিংদী প্রশাসনের সঙ্গে কথা বলে যৌথ অভিযান চালানো হবে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বালু উত্তোলনকারীদের হামলায় কয়েকজন ছররা গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এম এ মান্নান সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পরপরই আমি পুলিশকে বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

Comments
Comments