১৬ বছর বয়সীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে, বলেন আসিফ মাহমুদ
![]() |
| ১১-দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী পদযাত্রা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার রাতে কুমিল্লা নগরের টাউন হল মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে ১৬ বছর বয়স থেকে তরুণদের ভোটাধিকার দেওয়া হয়, বাংলাদেশেও ১১–দলীয় ঐক্যজোট নির্বাচিত হলে ১৬ বছর বয়স থেকে তরুণদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। আমরা চাই রাষ্ট্র গঠনে তরুণরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক। এছাড়া তরুণদের জন্য কর্মসংস্থানও সৃষ্টি করতে চাই।’
মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে কুমিল্লা নগরের টাউন হল মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী পদযাত্রায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই কথা বলেন। তিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে প্রধান অতিথি ছিলেন। ‘সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে’ এই নির্বাচনী পদযাত্রার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিএনপির ফ্যামিলি কার্ডের পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা জানি বিএনপি বিভিন্ন এলাকায় ভুয়া ফ্যামিলি কার্ড দিয়ে ভাতার কথা বলে, বাংলাদেশের প্রান্তিক মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা বলছি, একজন মানুষকে সারা জীবন কিছু কিছু টাকা দিয়ে অসহায় বা পরনির্ভরশীল করে রাখার বদলে তাকে কর্মসংস্থান বা উদ্যোক্তা করে আত্মনির্ভরশীল করা উচিত। ১১–দলীয় ঐক্যজোট সেই লক্ষ্যেই কাজ করবে।’
ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘ছাত্রদলের সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র। তিনি বলেন, ‘গত দুই দিনে জাতীয় নাগরিক পার্টির দুজন প্রার্থীর ওপর হামলা হয়েছে। সোমবার ঢাকা-১৮ আসনের আরিফুল ইসলাম আদীবের ওপর হামলা হয়েছে, আর মঙ্গলবার ঢাকা-৮ আসনের নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। নির্বাচনী কার্যক্রম চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারী ও উপস্থিত জোটের নেতা-কর্মীরা আহত হয়েছেন। যারা এই ধরনের জঘন্য কাজে জড়িত, তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই—ভোটাধিকার হরণের পরিণতি কী হতে পারে। যারা আগে মানুষের ভোটাধিকার হরণ করেছে বা প্রার্থীদের ওপর হামলা চালিয়ে ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। আপনি যদি এমন পরিণতি না চান, তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।’
এর আগে সন্ধ্যা সাতটার দিকে নগরের রেসকোর্স এলাকা থেকে ক্যারাভানে করে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেন আসিফ মাহমুদ। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে টাউন হল মাঠে নির্বাচনী পদযাত্রা নামে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণভোটে ‘হ্যাঁ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা প্রার্থীর ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দিন, শাপলা কলিতে ভোট দিন, রিকশায় ভোট দিন বা ধানের শীষে ভোট দিন, সমস্যা নেই। তবে গণভোটে সিল শুধু ‘হ্যাঁ’ ভোটেই থাকুক।’
বক্তব্যের শেষে আসিফ মাহমুদ জামায়াতের দুই প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে তাঁদের ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ আসনের জামায়াতের প্রার্থী শফিকুল আলম (হেলাল), এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, মুখ্য সমন্বয়ক তরিকুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবর রহমান, এবি পার্টির কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরের সভাপতি মোহাম্মদ সোলাইমান, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান ও সালাউদ্দিন জামিল প্রমুখ।

Comments
Comments