[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সেদিন বনফুলের শিককাবাবে ডুবেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

‘শিককাবাব’ নাটকের দৃশ্য | ছবি: পদ্মা ট্রিবিউন

শিয়ালদা স্টেশনে পুলিশের হাতে ধরা পড়ে মেয়েটি কাঁদছিল। ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল! জমিদারের মোসাহেব পান্নালাল পুলিশকে কিছু দিয়ে উদ্ধার করে এনেছেন। প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়া মেয়ে সৌদামিনী কত ঘাটে ঠকে ঠকে আত্মহত্যা করতে এসেছিল, মদের আড্ডায় জমিদারকে রসিয়ে রসিয়ে সেই গল্প শোনাচ্ছিলেন পান্নালাল। গল্প শেষে উঠে গিয়ে দেখেন শূন্যে নারীদেহ বরগায় ঝুলছে।

বনফুলের ব্যঙ্গরসাত্মক ‘শিককাবাব’ নাটকটি বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের থিয়েটার ল্যাবে মঞ্চস্থ হয়েছে। নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের নাট্যনির্দেশনার পরীক্ষার অংশ হিসেবে শিক্ষার্থী জুখরুফা আলী কাশফার নির্দেশনায় নাটকটির জমিদার চরিত্রে পিউল, পান্নালাল সাদেক, করিমখানসামা আতিক, শিবু প্রাপ্তি, বাইজির নাচে মেঘনা ও সৌদামিনীর চরিত্রে মুন অভিনয় করেন।

‘শিককাবাব’ সৌদামিনীর জীবনের দুঃখের গল্প। নাট্যকার বলাইচাঁদ মুখোপাধ্যায়ের দৃশ্যবিহীন এক অঙ্কের একটা সার্থক নাটিকা এটি। সার্থক একাঙ্কিকার সব লক্ষণই এর মধ্যে মেলে। একজন অসৎ মাতাল জমিদার শহর থেকে দূরে নির্মিত তার এক বাগানবাড়িতে কীভাবে নারীদের নির্যাতন করত, বিশেষ করে সৌদামিনী নামের এক নির্যাতিতা আত্মহত্যা করে কীভাবে তার আত্মসম্মান রক্ষা করল, তারই কাহিনি ‘শিককাবাব’।

‘শিককাবাব’ সৌদামিনীর জীবনের দুঃখের গল্প | ছবি: পদ্মা ট্রিবিউন

এই নাটক সামাজিক বাস্তবতার এক অন্ধকার দিক তুলে ধরে, যেখানে নারীরা প্রায়ই শোষণের শিকার হয়। নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক নারী, যাকে জমিদারের অসৎ ইচ্ছা পূরণের জন্য নিয়ে আসা হয়।

জমিদার তার ক্ষমতার অপব্যবহার করে নির্যাতন চালায়। নাটকের মধ্য দিয়ে সামাজিক বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহারের এক জ্বলন্ত চিত্র তুলে ধরা হয়েছে। জমিদার তার অর্থ ও ক্ষমতার জোরে যেকোনো কিছু করতে পারে, এমন একটি সমাজব্যবস্থার সমালোচনা এই নাটকে করা হয়েছে।

‘শিককাবাব’ নাটকটি শুধু একটি গল্প নয়, এটি সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যার প্রতি আঙুল তুলে ধরে। এই নাটক দর্শকদের ভাবতে বাধ্য করে। নাটকে করিম খানসামার নাচ, জমিদার তার মোসাহেবের অভিনয় অনবদ্য ছিল। ৩০ মিনিট দৈর্ঘ্যের এই নাটকে তাদের অভিনয়নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা ঘাড় ফেরানোর ফুরসত পাননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন