মিঠাপুকুরে মসজিদে জামায়াতের দলীয় সভা, মুসল্লিদের ক্ষোভ
সমালোচনার মুখে ভবিষ্যতে মসজিদে এ ধরনের সভা করার ক্ষেত্রে সতর্ক থাকার কথা বলেছেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর দলীয় সভা করায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। মসজিদের আদব লঙ্ঘনের অভিযোগ তুলে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মুসল্লিরা। সমালোচনার মুখে ভবিষ্যতে মসজিদে এ ধরনের সভা করার ক্ষেত্রে সতর্ক থাকার কথা বলেছেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল এনে সভা করেন জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা। সভা থেকে স্থানীয় জামায়াত নেতা মনোহর বাদশাকে ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল।
সভায় জামায়াতে ইসলামীর উপজেলা সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির আবদুল বাছেত হারুন, উপজেলা সহকারী সম্পাদক গোলাম আজম, ১৭ নম্বর ইমাদপুর ইউনিয়নের আমির মিজানুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে সভা করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন ওই মসজিদের মুসল্লিসহ স্থানীয় বাসিন্দারা। চকপাড়া এলাকার বাসিন্দা নয়ন মিয়া বলেন, জামায়াতে ইসলামী মসজিদের ভেতরে চেয়ার–টেবিল বসিয়ে দলীয় কর্মসূচি করে মসজিদের আদব লঙ্ঘন করেছে। এটা নিন্দনীয় কাজ।
মিঠাপুকুর উপজেলার হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, ‘আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে সাধারণত অন্য দলের সমালোচনা করা হয়ে থাকে, যা গিবতের পর্যায়ে পড়ে। মসজিদের ভিতরে তো গিবত করার সুযোগ নাই। এ ছাড়া চেয়ার–টেবিল নিয়ে বসে দলীয় কর্মসূচি করায় মসজিদের সৌন্দর্য বর্ধন না হয়ে সৌন্দর্যহানি হয়েছে।’
বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর মিঠাপুকুর উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যেহেতু অনেকের কাছে অনুষ্ঠানের কিছু দিক দৃষ্টিকটু মনে হয়েছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে ফায়দা হাসিলেরও চেষ্টা করা হচ্ছে। তাই ভবিষ্যতে মসজিদে এ ধরনের সভা বা বৈঠকের ক্ষেত্রে আমরা আরও সতর্ক থাকব, ইনশা আল্লাহ। গঠনমূলক পরামর্শ ও আন্তরিক সমালোচনাকে আমরা ইতিবাচকভাবেই গ্রহণ করি।’
How did this article make you feel?
Related Articles
দখল-দূষণের চাপে প্রাণ হারাচ্ছে আলাই নদ
Jun 20, 2026 · 1 min
2 shared tags
ফেনীতে পুকুরে মিলল যুবলীগ নেতার গলাকাটা লাশ
Jun 27, 2026
1 shared tag
ময়মনসিংহে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর
Jun 27, 2026
1 shared tag
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির অপেক্ষা, জামায়াতের তৎপরতা, আ.লীগের অংশগ্রহণে অনিশ্চয়তা
Jun 20, 2026 · 1 min
1 shared tag