বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজার
সব বোর্ডের পরীক্ষাই সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের ‘কোরআন মাজিদ’ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএমটি) ‘বাংলা-২’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সব বোর্ডের পরীক্ষাই সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেওয়ার জন্য মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে। সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে তাদের এই পরীক্ষায় বসার কথা রয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর হিসাব অনুযায়ী, এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এই বোর্ডের ৩১০টি কেন্দ্রে ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেবে। এ ছাড়া রাজশাহী বোর্ডের ২০৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, দিনাজপুর বোর্ডের ২১২টি কেন্দ্রে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন এবং যশোর বোর্ডের ২৪০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ২১০ জন।
চট্টগ্রামের ১১৪টি কেন্দ্রে এবার পরীক্ষার্থী রয়েছে ৯৯ হাজার ৬৮৮ জন, সিলেটের ৯৬টি কেন্দ্রে ৭১ হাজার ৭১১ জন, কুমিল্লার ১৯৩টি কেন্দ্রে ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহের ১১১টি কেন্দ্রে ৭৩ হাজার ৩৭ জন এবং বরিশালের ১৪২টি কেন্দ্রে ৫৮ হাজার ৬৬৪ জন।
এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর সারা দেশের ৪৬১টি পরীক্ষাকেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন।
পরীক্ষার সময় চলবে ডিজিটাল নজরদারি
এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে শেষ করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থীদের প্রবেশ ও কক্ষ ব্যবস্থাপনাসহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে। তবে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে সবাইকে অবশ্যই নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। বিশেষ কোনো পরিস্থিতিতে কোনো পরীক্ষার্থী দেরিতে এলে, তার তথ্য রেজিস্ট্রারে লিখে রেখে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া যাবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এবার নকল প্রতিরোধে ডিজিটাল নজরদারি চালানো হবে।’
আক্তারুজ্জামান আরও বলেন, ‘অভিন্ন প্রশ্নপত্র হওয়ায় কোনো এলাকায় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হতে পারে। তবে এ বিষয়ে ভিন্ন চিন্তাও রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি বিবেচনায় তখন সিদ্ধান্ত নেওয়া হবে।’
পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের ভেতর প্রবেশ নিষিদ্ধ
পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে পরীক্ষা চলাকালীন নগরবাসীর ভোগান্তি কমাতে বিশেষ ট্রাফিক নির্দেশনাও দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার প্রকাশিত ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ২ জুলাই থেকে পরীক্ষা চলাকালীন পুরো সময় এই আদেশ কার্যকর থাকবে।
অপর এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, পরীক্ষার্থীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে হবে। ব্যক্তিগত যানবাহনে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রের একদম সামনে না নেমে, কাছাকাছি সুবিধাজনক কোনো স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে হবে। একইভাবে পরীক্ষা শেষ হওয়ার পর কেন্দ্র থেকে বের হয়ে কাছাকাছি কোনো জায়গা থেকে গাড়িতে উঠতে হবে।
How did this article make you feel?
Related Articles
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই
Jun 08, 2026 · 1 min
2 shared tags
গোখাদ্যের চড়া দামে নাজেহাল খামারিরা, বাড়েনি দুধের দাম
Jul 01, 2026
1 shared tag
গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ৮
Jul 01, 2026
1 shared tag
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে সারের বদলে আবর্জনা
Jun 28, 2026
1 shared tag