এমপি এলেন এক ঘণ্টা পর, শিশুদের নিয়ে কেন্দ্রে অপেক্ষায় অভিভাবকেরা
![]() |
| ময়মনসিংহে রেড জোন হিসেবে তিনটি উপজেলায় হামের টিকা দেওয়া শুরু হয়েছে। আজ রোববার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর খবর গ্রামেও ছড়িয়ে পড়েছে। চরম উদ্বেগ নিয়ে সন্তান কোলে টিকাকেন্দ্রে ছুটছেন অভিভাবকেরা। ‘মরণব্যাধি’ হয়ে ওঠা হাম যেন সন্তানকে আক্রান্ত করতে না পারে—এই আশায় তাঁরা টিকা দিতে আসছেন। সংক্রমণের ঝুঁকিতে থাকা ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসা টিকাকেন্দ্রে রোববার সকাল পৌনে ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত অবস্থান করে এমন চিত্র দেখা গেছে।
দেশের ১৮টি জেলার ৩০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে রোববার ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া শুরু হয়েছে। তালিকায় থাকা ময়মনসিংহের সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় এই কার্যক্রম সকালে শুরু হয়। চুরখাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
সকাল ৯টায় টিকাদান শুরুর কথা থাকলেও সংসদ সদস্য আসেন সকাল ১০টা ১০ মিনিটে। এতে শিশুদের নিয়ে তীব্র গরমে মায়েরা অতিষ্ঠ হয়ে পড়েন। দেরি হওয়ায় অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য।
আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘আমার আসতে দেরি হয়েছে। মা-বোনেরা বাচ্চাদের নিয়ে এসেছেন, আপনাদের কষ্ট হচ্ছে বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সাংবাদিকসহ সবার কাছে আমার অনুরোধ, বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
জেলা সিভিল সার্জন কার্যালয় ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত পরীক্ষায় ৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফেব্রুয়ারি থেকে কিছু রোগী পাওয়া গেলেও মার্চের মাঝামাঝি সময় থেকে সংখ্যাটি বাড়তে থাকে। এই পরিস্থিতিতে সদর, ফুলপুর ও ত্রিশাল উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৬০ হাজার ৪১৩ শিশুকে প্রাথমিক পর্যায়ে টিকা দেওয়া শুরু হয়েছে।
দুই বছর বয়সী আদিয়াকে কোলে নিয়ে টিকা দিতে আসেন মা নিলুফা আক্তার। তিনি বলেন, ‘শুনেছি বাচ্চারা হামে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। এ কারণে টিকার খবর পেয়ে চলে এসেছি। মুঠোফোনে ও টিভিতে দেখেছি হামে বাচ্চারা মারা যাচ্ছে। আমার বাচ্চাকে আগে টিকা দিলেও সরকার যেহেতু নতুন করে দিচ্ছে, তাই নিয়ে এসেছি যাতে এই রোগ আর না হয়।’
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক সৈয়দ আবু আহাম্মেদ শাফী বলেন, ‘দেশে সম্প্রতি হামের প্রাদুর্ভাব দেখা দিলেও তা সব জায়গায় সমানভাবে ছড়ায়নি। আমরা বিভিন্ন উপজেলার ৩০টি এলাকাকে লাল তালিকাভুক্ত হিসেবে চিহ্নিত করেছি। এই টিকা সারা দেশেই দেওয়া হবে, তবে লাল তালিকাভুক্ত এলাকা হিসেবে আজ থেকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে। ময়মনসিংহের তিনটি উপজেলাকে আমরা এই তালিকায় রেখেছি। এখানে প্রায় ১ লাখ ৬৪ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে এবং ১ লাখ ৭৫ হাজার টিকা পাঠানো হয়েছে। টিকার কোনো ঘাটতি নেই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ফয়সল আহমেদ, ইউনিসেফের আঞ্চলিক প্রধান ডা. আলমগীর হোসেন ও সার্ভেইল্যান্স কর্মকর্তা তারিক তপু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম পৃথকীকরণ ইউনিটে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন ১৯ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৬৩ শিশু।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে এসব লক্ষণ নিয়ে নতুন ১৯ শিশু ভর্তি হয়েছে। ১৭ মার্চ থেকে রোববার সকাল পর্যন্ত মোট ২২৪ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৫৫ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এবং ৬ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৩ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে আরও ২৪ শিশু।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, চিকিৎসাধীন শিশুদের নমুনা পরীক্ষায় রোববার সকাল পর্যন্ত ৫৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ শিশু ভর্তি হয়েছে। এই সময়ে কোনো মৃত্যু হয়নি। হামের লক্ষণ নিয়ে রোগী আসছে। আমরা সর্বোচ্চ সতর্ক থেকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।’

Comments
Comments