চাঁপাইনবাবগঞ্জে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি
![]() |
| চাঁপাইনবাবগঞ্জ উপজেলায় হামের টিকা দেওয়া শুরু হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলার ৩৯টি কেন্দ্রে একযোগে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকালে জেলা হাসপাতালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে এই বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, সিভিল সার্জন ডা. এ কে এম সাহাব উদ্দীন, জেলা স্থানীয় সরকার বিভাগের প্রশাসক ও পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শুকলাল বৈদ্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সিভিল সার্জন জানান, জেলা সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জন শিশুকে হাম-রুবেলার একটি বাড়তি ডোজের বিশেষ প্রতিষেধক টিকা দেওয়া হবে।
আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রায় তিন সপ্তাহব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে। এ জন্য জেলা হাসপাতাল ও দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি স্থায়ী এবং তিন উপজেলায় ৩৬টি অস্থায়ী কেন্দ্র খোলা হয়েছে। জেলার অন্য শিশুদেরও পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে। দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা প্রথম পর্যায়ে টিকার আওতায় এসেছে।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলার ৬ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। বর্তমানে জেলায় ৬৩ জন রোগী সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ৪০৩ জন রোগী সন্দেহভাজন হাম নিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।

Comments
Comments