‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে 'বৈশাখী শোভাযাত্রা'
![]() |
| সচিবালয়ে সভা শেষে বাংলা নববর্ষের শোভাযাত্রার নতুন নাম জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ রোববার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
এখন থেকে বাংলা নববর্ষের উৎসবের প্রধান আকর্ষণ বা শোভাযাত্রা আর ‘আনন্দ শোভাযাত্রা’ বা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত হবে না। এর নতুন নাম দেওয়া হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’।
সচিবালয়ে এক সভা শেষে সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক রয়েছে, সরকার তার অবসান ঘটাতে চায়। সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে আগেও বড় সভা করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এটিকে আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা—কোনোটিই বলা হবে না।
মন্ত্রী আরও জানান, যথাযথ মর্যাদার সঙ্গে এই শোভাযাত্রা আয়োজন করা হবে। এতে সব ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে। যার যার পছন্দমতো ঢোল, বাদ্যযন্ত্র ও পোশাক নিয়ে সবাই একটি আনন্দমুখর শোভাযাত্রায় অংশ নেবেন। এই আয়োজনের নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’।
নিতাই রায় চৌধুরী বলেন, বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা বা বৈশাখী উৎসব—সবক্ষেত্রেই তাঁরা ‘বৈশাখ’ শব্দটিকে প্রধান্য দিতে চান। এটিই তাঁদের চূড়ান্ত সিদ্ধান্ত।
নাম পরিবর্তনের ফলে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) স্বীকৃতির বিষয়ে কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইউনেসকোকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এ দেশে এখন থেকে বৈশাখী শোভাযাত্রা হবে এবং এটিই এ দেশের ঐতিহ্য। বৈশাখের এই শোভাযাত্রাকে ইউনেসকো স্বীকৃতি দিয়েছে, এটিই মূল বিষয়।

Comments
Comments