পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

যুবদল নেতা নয়নের গ্রেপ্তার দাবি করলেন জামায়াতের সংসদ সদস্য

পাশাপাশি এ ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।

বিশেষ প্রতিনিধি ঢাকা
গত বছর ৪ আগস্ট ঢাকা আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের এক পর্যায়ে সেখানে যান যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন
গত বছর ৪ আগস্ট ঢাকা আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের এক পর্যায়ে সেখানে যান যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন | ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের গ্রেপ্তার দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান।


মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান এ দাবি জানান। পাশাপাশি এ ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।


নাজিবুর রহমান বলেন, ‘সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন এবং তাঁর সহযোগীরা সেই সম্মানিত আইনজীবীকে তাঁর গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। তিনি বারবার বলেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য, তিনি বাংলাদেশ আইনজীবী পরিষদের সদস্য। তারপরও তাঁকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয়েছে, মারধর করা হয়েছে। লোহার রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে।’


স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ‘এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আইনমন্ত্রী আছেন। এখানে আমাদের সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্য রয়েছেন। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতি আমি আশা করছিলাম, আইনমন্ত্রীর একটি বিবৃতিও আশা করছিলাম।’


নাজিবুর রহমান আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, যে ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী, আমরা দলবদ্ধ হামলার বিরুদ্ধে কথা বলি, তাঁকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি। এ জন্য বিষয়টি তুললাম। এই বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর ভূমিকা আশা করছি এবং বিবৃতি আশা করছি।’


এদিকে রাহেদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখা। এ ঘটনায় রবিউল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি মামলা দায়ের ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

রাজনীতি থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.