শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ৩
নিহত টমাস শিবগঞ্জ থানার বিনোদপুর ডাকঘরের অন্তর্গত বিশ্বনাথপুর লম্বা টোলা গ্রামের মোর্তজার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে টমাস (৩৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠসংলগ্ন মশিউর রহমানের একটি ঘাসের জমিতে এ বিস্ফোরণ ঘটে।
নিহত টমাস শিবগঞ্জ থানার বিনোদপুর ডাকঘরের অন্তর্গত বিশ্বনাথপুর লম্বা টোলা গ্রামের মোর্তজার ছেলে।
স্থানীয় ও প্রাথমিক সূত্র জানায়, টমাসসহ অজ্ঞাতনামা আরও তিনজন মিলে ওই জমিতে ককটেল তৈরি করছিলেন। হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত বাকি তিনজনকে চিকিৎসার জন্য কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সূত্র।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বিনোদপুর ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামের একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।